(২৭৬) জীবন কি শুধুমাত্র বৈচিত্রের মধ্যে একতা ?
(২৭৬) জীবন কি শুধুমাত্র বৈচিত্রের মধ্যে একতা ?
![]() |
| রেখায় রবীন |
সেদিন চা'য়ের টেবিলে আলোচনা করছিলাম নারী-পুরুষের সম্পর্কের বৈচিত্রতাকে নিয়ে, সেই প্রেক্ষিতে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় একটা অপারেশনাল ম্যানুয়াল লিখব। কন্যা বলে উঠলো, 'তোমার বাংলা আমি হয়তো বুঝতে পারবোনা, যদি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দাও, তাহলে ভালো হয়'। এই লেখাটি তারই মুখবন্ধ।
জীবনে যা কিছু আমরা পাই তা সাময়িক — দেখা পাই, কিন্তু ধরে রাখতে পারি না; ছুঁতে পারি, কিন্তু স্থায়ী হয় না। প্রিয়জন কিংবা স্বপ্ন আমাদের স্পর্শ করে চলে যায় দূরে, আর আমরা ব্যর্থ আকুলতায় কাঁদি। দুরাশা জেনেও জীবনের আকাঙ্ক্ষার পিছনে দৌড়ে গিয়ে লাভ করি অপূর্ণতা ও বিফলতাকে ।
জীবনে মানুষের বাসনা অসীম, কিন্তু তার শক্তি সীমিত। সে প্রাণপণ চেষ্টা করলেও তার অর্জন অনেকসময় অসম্পূর্ণ থাকে — ভেঙে যায় তার আশা, তার ফলাফল। জীবন যেন ভাঙা নৌকা নিয়ে মহাসাগর পারি দেওয়ার প্রচেষ্টা — ভেতরের অনুভূতি কখনো পরিপূর্ণভাবে প্রকাশ পায় না, তাই বাস্তবের আঘাতে ভাব কেঁদে মরে।
মানুষের সম্পর্কগুলোতেও রয়েছে একধরনের অপূর্ণতা — অস্বচ্ছ সে এক পরিচয় যাকে স্বপ্নের খেয়ায় চাপিয়ে পূর্ণতা দেবার চেষ্টা করি , আসলে আমরা পরস্পরকে পুরোপুরি বুঝে উঠতে পারি না। কথা অসম্পূর্ণ থেকে যায় আর সে জায়গাটা পূরণ করে লজ্জা, ভয় আর সন্দেহ। আমাদের আন্তরিক সম্পর্ক গঠনের ক্ষেত্রে সেটি প্রাচীর হয়ে দাঁড়ায়। তাই ভালোবাসাও পরিপূর্ণ হয় না — তাই তার পরিণতি হচ্ছে এক অসম্পূর্ন ভালোবাসা। তাই অসম্পূর্ন ভালোবাসা কি কখন পূর্ণতার স্বাদ এনে দিয়েছে ?
মানুষের জীবনে এক অসীম সীমাবদ্ধতা, তৃষ্ণা, অতৃপ্তি ও অপূর্ণতা বেদনা এক চিরন্তন দুঃখের সাগরের নোনা জলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রেম, সম্পর্ক, স্বপ্ন — সবকিছুতেই যেন কিছু না-পাওয়ার হাহাকার থেকে যায়। জীবনের বেদনাও যেমন অসম্পূর্ন আবার সৌন্দর্যও তদ্রুপ।
জীবন হলো চলমান, তৃষ্ণাময়, ও অসম্পূর্ণ অভিজ্ঞতার যাত্রা; যেখানে পূর্ণতা খুব কমই ধরা দেয়, আর অনুভূতির গভীরে বয়ে চলে এক নীরব বেদনা।
.jpeg)
মন্তব্যসমূহ