৪১৫ স্পর্ধা-আস্পর্ধা (ধারাবাহিক -প্রথম পর্ব )
৪১৫ স্পর্ধা-আস্পর্ধা (ধারাবাহিক -প্রথম পর্ব ) ( বাস্তবের উপর দাঁড়িয়ে একটা ধারাবাহিক রচনা যা অতীত - বর্তমানে আর আগামীর আশঙ্কাকে উস্কে দেয় ) পাথরের সুদৃশ্য কোটর থেকে ভোরের সল্প আলো ফোটার সাথে সাথে মোরগটা আড়মোড়া ভেঙে উচ্চস্বরে ডেকে উঠলো। অবশ্য এই নিঃশব্দ পাহাড়ী পরিবেশে মোরগের ডাকাটা খুব যে খারাপ লাগে তা বলা যাবে না। অগত্যা নরেন হাত বাড়িয়ে টেবিলের উপর থাকা ফ্লাস্কের মুখটা খুলে একগ্লাস জল খেয়ে নিল। নরেনের এইটা দীর্ঘ দিনের অভ্যাস। আজ রবিবার, সকালটা একটু অলসতার সাথে দিনটা শুরু করবে, নরেনের মনে মনে সেই ইচ্ছা ছিল। গতকাল বন্ধুদের সাথে প্রায় মধ্যে রাত্রি পর্যন্ত সুরাপানের রেশটা এখনও অল্প সল্প সারা দেহ মনে ছড়িয়ে আছে। জোড়বাংলার এই বাংলোটা সেই ব্রিটিশ আমলে তৈরি। চারপাশে সারি সারি পাইন গাছগুলিকে দেখে মনে হচ্ছে সুসজ্জিত পাহারাদাররা অতন্দ্র প্রহরীর মতো আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বিচিত্র প্রজাতির সিঙ্কোনা গাছগুলির লালচে বাদামি বাকল আর পাতার সমাহার লনটাকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে আর ছড়িয়ে ছিটিয়ে থাকা রডোড্রেনডন...