৪৫৫ বাংলার ভক্তি আন্দোলনের ধারা (১)
খোঁজ মানুষ তাকেই করে যেটা তার কাছে নেই। যে ক্রমনিম্নমান ভক্তির গতিতে আতঙ্কিত মানুষ আজ তাকেই খুঁজে বেড়াচ্ছে। ধর্মের সাথে ভক্তির নিবিড় যোগাযোগ , একে অন্যের পরিপূরক বলা যেতে পারে। মানুষের সেই চাওয়া পাওয়ার পরিমাপ করতে এই কাহিনীর সূত্রপাত।
মানুষের অনুভূতির বিবর্তনের একটা সুদীর্ঘ ইতিহাস আছে, যার অনেকটাই ধর্মের হাত ধরে এসেছে। ধৰ্ম থেকে এসেছে ভক্তি। আর অনুভূতিই ভক্তিকে হৃদয়ে স্থান করে দেয়।
ধর্ম পালনের ঘনঘটায় ক্লান্ত মানুষ সহজ পথের অনুসন্ধান দীর্ঘ দিন ধরে করে আসছিলো। অবশেষে 'সহজিয়া' নাম নিয়ে এক বিশেষ ধর্ম সম্প্রদায়ের সৃষ্টি হলো। সময়কালটা ছিল সপ্তম-অষ্টম শতাব্দীতে। যার আদি নিদর্শন পাওয়া যায় চর্যাপদে। পরবর্তী সময়ে ১৪শ শতকে বড় চন্ডীদাসের রচনায় পাওয়া যায়।
সেই সহজিয়া থেকে শ্রীচৈতন্য, বৈষ্ণব পদাবলী থেকে বাউল- এই ভাবেই বাংলার ভক্তি আন্দোলন এগিয়ে যায়। বাংলার ধর্মের ইতিহাসটা সমৃদ্ধ হয়েছে বহু উৎসমূল থেকে।
বৌদ্ধধর্ম, তন্ত্র, নাথ-যোগ, শাক্তধারা, বৈষ্ণবধর্ম, সুফি সাধনা এবং বাংলার নিজস্ব লোকবিশ্বাস—এই সমস্ত ধারার দীর্ঘ সহাবস্থান ও পারস্পরিক সংস্পর্শ বাংলার ধর্মীয় সংস্কৃতিকে এক বিশেষ চরিত্র দিয়েছে।
লক্ষ্য এক কিন্তু রাস্তা বহু। একটা নতুন ভাষ্য রচনা করার প্রয়োজনীয়তা উপলদ্ধ হয়, যে ভাষায় মানুষ ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে।
কত না প্রশ্নের ফুলঝুরি। ঈশ্বরকে পেতে কি কেবল যজ্ঞ, মন্ত্র ও শাস্ত্রজ্ঞানের প্রয়োজন?
যে মানুষ সংস্কৃত জানে না, সে কি ঈশ্বরকে ভালোবাসতে পারে না?
জাতি, বর্ণ ও সামাজিক অবস্থান কি মানুষের ঈশ্বরানুভূতির সীমা নির্ধারণ করতে পারে?
ঈশ্বর কি কেবল মন্দিরের দেবতা, নাকি মানুষের অন্তরেও তাঁর সন্ধান পাওয়া যায়?
এবার আসা যাক, ইতিহাসের বাস্তবতায়। প্রচলিত ধারণা ভীষণ একপেশে হয়ে যাবে, যদি আমরা শ্রীচৈতন্য এবং তার সাথে বৈষ্ণবধর্মের বিস্তার- এর মধ্যে সীমাবদ্ধ রাখি।
নিঃসন্দেহে চৈতন্যের ইতিহাস বাংলার ভক্তি আন্দোলনের এক শক্তিশালী অধ্যায়, কিন্তু এখানে শেষ নয়। পূর্বে বাংলায় কৃষ্ণভক্তি, চর্যাপদীয় সহজিয়া পরিবেশ, তান্ত্রিক সাধনা এবং লোকায়ত ধর্মীয় সংস্কৃতির নানা স্তর ছিল। আবার চৈতন্যের পরেও বৈষ্ণব সহজিয়া, বাউল ও অন্যান্য লোকায়ত সাধনার পরম্পরা নিজেদের পৃথক পথ তৈরি করেছে।
আধুনিক গবেষণাও সতর্ক করে যে “বাংলার বৈষ্ণবধর্ম” এবং “চৈতন্যীয় বা গৌড়ীয় বৈষ্ণবধর্ম”—এই দুইটিকে সম্পূর্ণ সমার্থক ভাবা ঠিক নয়। অমিয়া প্রসাদ সেনের গবেষণায় চৈতন্যীয় বৈষ্ণবধর্মকে বাংলার বৈষ্ণবধর্মের একটি প্রভাবশালী শাখা হিসেবে দেখা হয়েছে, একমাত্র বা সম্পূর্ণ প্রতিরূপ হিসেবে নয়।
UNESCO-র তথ্য অনুযায়ী, সোমপুর মহাবিহার সপ্তম শতক থেকে বাংলায় মহাযান বৌদ্ধধর্মের উত্থানের সঙ্গে যুক্ত এবং অষ্টম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এটি একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ বৌদ্ধিক কেন্দ্র ছিল।
এই বৌদ্ধ পরিবেশের সঙ্গে যুক্ত ছিল নানা তান্ত্রিক ও যোগসাধনার প্রবাহ। চর্যাপদে যে গূঢ় সাধনাভাষা পাওয়া যায়, সেখানে দেহ, মন, নারী-পুরুষ, সহজ অবস্থা এবং অন্তর্গত সাধনার প্রতীকী ভাষা বিশেষ গুরুত্ব পেয়েছে।
জয়দেব : কৃষ্ণপ্রেমের কাব্যিক রূপান্তর
বাংলার ভক্তি-সাহিত্যের ইতিহাসে জয়দেব একটি গুরুত্বপূর্ণ সেতু।
তাঁর বিখ্যাত গীতগোবিন্দ সংস্কৃতে রচিত। এর কেন্দ্র রাধা ও কৃষ্ণের প্রেম, বিরহ, আকাঙ্ক্ষা, অভিমান এবং মিলন।
এখানে কৃষ্ণ কেবল মহাবিশ্বের অধিপতি নন; তিনি প্রেমিক।
রাধা কেবল পৌরাণিক চরিত্র নন; তিনি আকাঙ্ক্ষা, বিরহ ও প্রেমের মানবিক অনুভূতির প্রতীক।
ভালোবাসা সমানে সমানে হয়। ইতিপূর্বে ঈশ্বর প্রেমাস্পদ হিসাবে আমাদের কাছে ধরা দেন নি। কিন্তু ভক্তি সাহিত্য সেই ভয় আর বর প্রার্থনার একান্ত রূপকার ঈশ্বরকে সেই রূপের পরিবর্তন ঘটিয়ে মানুষের সাথে ঈশ্বরের মধ্যে ভালোবাসার সেতু নির্মাণ করেছেন।
গীতগোবিন্দ পড়তে পড়তে রাধাকৃষ্ণের আকর্ষণ, বিচ্ছেদ, আকাঙ্খা আবার পুনর্মিলন যেন পাঠককে বুঝতেই দেয় না পরমাত্মার সাথে জীবাত্মার সম্পর্কের আঠালো ভাবনাকে।
ভক্তির ইতিহাসে জয়দেবের গুরুত্ব কেবল ধর্মীয় নয়—মানবীয় প্রেমকে ঈশ্বরানুভূতির ভাষায় রূপ দেওয়ার মধ্যেও তাঁর গুরুত্ব নিহিত।
নিরন্তর তার আসা-যাওয়া। প্রেমের অন্দরেই ঈশ্বরের বাস - এই মহান ধারণাকে যাদের কাব্যগ্রন্থের মধ্যে প্রচারের আলোতে নিয়ে এলেন ,তারা হলেন বিদ্যাপতি ও চন্ডীদাস।
রাধা অনেকদিন পরে পুরাণের পাতা থেকে নেমে এসে আমাদের পাশের বাড়ির একান্ত আপনজন হয়ে উঠলেন। যাঁর অন্তহীন অপেক্ষা, পরিমিত অভিমান, পার্থিব বস্তুকে হারানোর ভয়, বুক ভরা স্বপ্ন, মুমূর্মুহ বিরহ যন্ত্রনায় কাতর আবার সে বন্ধনহারা প্রেমের জন্য মাতাল।
এসব মানবিক অনুভূতি ছাড়া আবার কি ? আর এই মানবপ্রেম আর ঈশ্বর প্রেম যেন একই সূত্রে ধরা পরে বৈষ্ণব রসতত্ত্বের সুগভীর তত্ত্বে।
প্রাতিষ্ঠানিক ধর্মের প্রাচীর ভেঙে পড়লো ভক্তি আন্দোলনের জোয়ারে। এ যেন অন্তরে অন্তর মিলালালে প্রকাশমান হয় অন্তরের ভাষা।
একদিন যে ভাষা সংস্কৃতের কঠিন বর্মে আঁকা ছিল, অন্তরে প্রবেশের পথ তাই হয়েগিয়েছিল রুদ্ধ। লোকভাষার উদ্ভাবনে তার উপর চেপে যা কিছু সৃষ্টি , তা সমাজের কাছে পৌঁছাতে দেরী করেনি। তখন বলতেই হয় , সমবেত কীর্তনের কথা আর তার হাত ধরে প্রেম আর অনুভূতিকে কোন বাধা পেতে হয়নি হৃদয়কে স্পর্শ করতে।
বাকিটা কালকে ০০০০০০
কলমে - রবীন মজুমদার
১২/১০/২৬
যদি একমত হন, তবে বেশী বেশী করে সবার কাছে শেয়ার করুন
rabinujaan.blogspot.com থেকে অন্যান্য ব্লগগুলি পড়া যাবে।
নির্বাচিত প্রামাণ্য সূত্র ও গবেষণাগ্রন্থ
[১] Amiya P. Sen, Chaitanya: A Life and Legacy, Oxford University Press, 2019.
চৈতন্য, গৌড়ীয় বৈষ্ণবধর্ম এবং “Bengal Vaishnavism” বনাম “Chaitanya/Gaudiya Vaishnavism”-এর পার্থক্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ গবেষণা।
[২] UNESCO World Heritage Centre, Ruins of the Buddhist Vihara at Paharpur.
প্রাচীন বাংলায় মহাযান বৌদ্ধধর্মের বিকাশ এবং সোমপুর মহাবিহারের ঐতিহাসিক প্রেক্ষাপট।
[৩] Glen A. Hayes, “Vaiṣṇava Sahajiyā Tantric Traditions,” Oxford Bibliographies in Hinduism, Oxford University Press.
বৈষ্ণব সহজিয়ার উৎপত্তি, তন্ত্র, যোগ, ভক্তি, চণ্ডীদাস-বিদ্যাপতির প্রভাব এবং চৈতন্য-পরবর্তী বিকাশ নিয়ে আধুনিক গবেষণা।
[৪] Sahitya Akademi, “Māṅgala and Padāvalī in Jayadeva’s Gīta-Govinda and in Middle Bengali Literature.”
জয়দেব ও বাংলা পদসাহিত্যের সম্পর্কের সাহিত্য-ঐতিহাসিক আলোচনা।
[৫] Victoria Memorial Hall / Museums of India, Gita Govinda.
গীতগোবিন্দ-এর রাধাকৃষ্ণ প্রেম, বিরহ ও মিলনের কাব্যিক কাঠামো সম্পর্কে সংগ্রহশালার নথি।
[৬] Varuni Bhatia, Unforgetting Chaitanya: Vaishnavism and Cultures of Devotion in Colonial Bengal, Oxford University Press, 2017.
বাংলার বৈষ্ণব সমাজে জাতি, লিঙ্গ, পবিত্র স্থান, কীর্তন ও সম্প্রদায়গত বহুত্বের ইতিহাস বোঝার জন্য গুরুত্বপূর্ণ।
[৭] St Andrews Encyclopaedia of Theology, “Caitanya Vaiṣṇavism.”
চৈতন্যের জীবন, শিক্ষা এবং বাংলার বাইরে গৌড়ীয় বৈষ্ণবধর্মের বিস্তার নিয়ে গবেষণামূলক পরিচিতি।
[৮] Amiya P. Sen, Chaitanya: A Life and Legacy, Oxford University Press.
চৈতন্যের ধর্মীয় ভাবনা, নারী, যৌনতা এবং আধুনিক বাংলায় চৈতন্যের পুনর্ব্যাখ্যা।
[৯] Glen A. Hayes, “Exploring Metaphors and Conceptual Blending in Vaiṣṇava Sahajiyā Texts,” in The Oxford Handbook of Tantric Studies, Oxford University Press.
বৈষ্ণব সহজিয়ার দেহতত্ত্ব, তন্ত্র, যোগ, প্রতীক ও সাধনাভাষা নিয়ে বিশদ গবেষণা।
[১০] UNESCO, Baul Songs, Intangible Cultural Heritage of Humanity.
বাউল ঐতিহ্যের ধর্মীয় প্রভাব, দেহতত্ত্ব, জাতি ও সংগঠিত ধর্মের সঙ্গে সম্পর্ক এবং রবীন্দ্রনাথের উপর সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে প্রামাণ্য নথি।
মন্তব্যসমূহ