৪৬৭ মেঘমল্লার রিট্রিট
৪৬৭ মেঘমল্লার রিট্রিট
গন্তব্য: দার্জিলিঙের কাছে এক নির্জন পাহাড়ি গ্রাম। সেখানে এক আধ্যাত্মিক হোমস্টে বা আশ্রম গোছের জায়গা আছে, নাম ‘মেঘমল্লার রিট্রিট’। ভোলাবাবু তাঁর সেই বহু যত্নে তৈরি করা ঝকঝকে প্রোফাইল এবং 'ডিটেইলিং স্টোরি' মনে মনে আওড়াতে আওড়াতে ব্যাগ গোছালেন। ব্যাগের ভেতরে গেরুয়া বা কমণ্ডলুর বদলে সযত্নে ঢুকল ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, প্রিয় মাকাইবাড়ি চায়ের প্যাকেট আর মল্লারপুরের সেই দুঃসহ স্মৃতির কথা মাথায় রেখে এক বান্ডিল প্রিমিয়াম টয়লেট পেপার। বলা তো যায় না, বৈরাগ্য সাধনে শৌচাগার যদি বাধা হয়ে দাঁড়ায়!
মেঘমল্লারে পৌঁছে ভোলাবাবুর মনটা বেশ প্রসন্ন হয়ে গেল। বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাতাসে পাইনের গন্ধ। আশ্রমের যিনি প্রধান বা ম্যানেজার, স্বামী বোধানন্দ, তিনি বেশ আধুনিক ও হিসেবি মানুষ। তাঁর দপ্তরে বসে ভোলাবাবু অত্যন্ত পেশাদার ভঙ্গিতে নিজের 'স্টোরি'-টা পিচ করলেন।
"দেখুন মহারাজ, আমি সাধারণ ভবঘুরে বৈরাগীদের মতো নই। আমার প্রোফাইলটা বেশ ভারী, জীবনে বিস্তর খেটেছি। আমি আপনাদের এই হোমস্টের সমস্ত ডিজিটাল জনসংযোগ, বুকিং আর ওয়েবসাইটের কন্টেন্ট লেখার দায়িত্ব নিতে পারি। বিনিময়ে আমার কোনো বেতন চাই না, শুধু..."
স্বামী বোধানন্দ হাসিমুখে একটু ঝুঁকে বসলেন, "শুধু কী ভোলাবাবু?"
ভোলাবাবু একটু গলা খাঁকারি দিয়ে বললেন, "শুধু ওই দোতলার কোণার দিকের ঘরটা আমার চাই, যেখানে নিরবচ্ছিন্ন ওয়াইফাই থাকে। আর... মানে, শৌচাগারটা যেন আদ্যোপান্ত ওয়েস্টার্ন কমোড-যুক্ত হয়। মল্লারপুরে একবার আমার কর্মফল আর ধর্মসংকটের এমন এক অদ্ভুত সংঘাত হয়েছিল যে, ওই দেশি টয়লেটের ভয়ে আমার বৈরাগ্য অর্ধেক উবে যাওয়ার জোগাড় হয়েছিল!"
বোধানন্দ হো-হো করে হেসে উঠলেন। বললেন, "আপনার সততায় আমি মুগ্ধ ভোলাবাবু। আপনার মতো একজন দক্ষ মানুষের আমাদেরও দরকার ছিল। তথাস্তু! আপনার ল্যাপটপ আর কমোডের ব্যবস্থা ওই কোণার ঘরেই আছে। আপনি কাল থেকেই কাজে লেগে পড়ুন।"
সেদিন বিকেলে নিজের নতুন ডেরায় বসে ভোলাবাবু ল্যাপটপ খুললেন। পাশে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারে বানানো ধোঁয়া-ওঠা চা। কাঁচের জানলা দিয়ে বাইরের কুয়াশা দেখছেন, আর কিবোর্ডে আঙুল চলছে।
ভোলাবাবু মনে মনে হাসলেন। মানুষ আসলে কিছুই ছাড়ে না, শুধু নিজের কমফোর্ট জোনটাকে নতুন মোড়কে অন্য জায়গায় স্থানান্তরিত করে। দীর্ঘকালীন অভ্যাস আর তাৎক্ষণিক বৈরাগ্যের যে নিরবচ্ছিন্ন সংগ্রাম তাঁর ভেতরে চলছিল, আপাতত তার এক মধুর সন্ধি হয়েছে। ভোলাবাবু এখন একজন আধুনিক 'প্রো-ম্যাক্স বিবাগী', যিনি কর্মের ভেতরেই মুক্তির স্বাদ খুঁজছেন।
ল্যাপটপের স্ক্রিনে তিনি নতুন একটা ফোল্ডার খুললেন-' সন্ন্যাস পর্ব: ভি - ১' ।
লেখনীতে রবীন মজুমদার
তারিখ ১৭/১১/২৬

মন্তব্যসমূহ